ছবির ক্যাপশন: পদত্যাগকারীদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’
অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জামায়াতপন্থি ১৮ জন আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম বদরুদ্দোজা বাদল। একই সঙ্গে পদত্যাগকারীদের গত চার মাসের কর্মকাণ্ড রাষ্ট্রের স্বার্থবিরোধী ছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার পরিবর্তনের সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের পদত্যাগ একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও এবারকার পদত্যাগকে তিনি ভিন্নভাবে দেখছেন।
তার মতে, পদত্যাগকারীরা চার মাস দায়িত্ব পালন করে বেতন-ভাতা ও সুবিধা গ্রহণ করার পর এখন রাজনৈতিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, পদত্যাগের পেছনে দেওয়া রাজনৈতিক ব্যাখ্যা উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি একটি ‘স্ট্যান্টবাজি’ ছাড়া কিছু নয়।
এর আগে মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগপত্র জমা দেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।
পদত্যাগপত্রে তারা জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের বিষয়গুলোকে কারণ হিসেবে উল্লেখ করেন।