
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ড। ফলে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ব্রাজিলের জন্য ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে। তবে গ্রুপসেরা হিসেবে পরের পর্বে যেতে জয় চাই সেলেসাওদের। অন্যদিকে স্কটল্যান্ডের জন্য ড্র কিংবা জয়—দুই ফলই হতে পারে ঐতিহাসিক, কারণ তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত হতে পারে তাদের।
পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে এর আগে দুই দল একাধিকবার মুখোমুখি হলেও স্কটল্যান্ড কখনও ব্রাজিলকে হারাতে পারেনি। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিল ২-১ গোলের জয় পেয়েছিল।ব্রাজিল শিবিরে ইনজুরির কারণে রাফিনিয়ার খেলা অনিশ্চিত। তবে নেইমার জুনিয়র দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর বড় ভরসা থাকবে কোচ কার্লো আনচেলত্তির।
অন্যদিকে স্কটল্যান্ডের মাঝমাঠে স্কট ম্যাকটমিনে ও লুইস ফার্গুসনের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করবে দলটির ভাগ্য। আক্রমণে চে অ্যাডামসদের কার্যকর ভূমিকা প্রয়োজন হবে। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করবে ব্রাজিলের সাম্বা নাকি ইতিহাস গড়বে স্কটল্যান্ড—তার উত্তর মিলবে মিয়ামির মাঠে।