
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়া হবে।
রোববার (২৮ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিসহ একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, এসব হামলায় আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, কুয়েত কিংবা বাহরাইনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দেয়। ওই হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এরপরও উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।