
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত এবং নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিনে দেশের অন্তত ১৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা ও সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (৫ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে পাউবো জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদ-নদীগুলোর পানিও দ্রুত বাড়তে পারে। কিছু স্থানে পানি সতর্কসীমা স্পর্শ বা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর এবং ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা ও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।