
কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) কাতারের আমিরি দিওয়ান (রাজকীয় দরবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আমিরি দিওয়ানের বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, জাতির শ্রদ্ধেয় এই নেতার মৃত্যু কাতারের জন্য এক অপূরণীয় ক্ষতি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত ও জান্নাত কামনা করা হয়েছে।
শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত। তার নেতৃত্বে দেশটির প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি খাতের ব্যাপক বিকাশ ঘটে, যা কাতারকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতেও তিনি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন।
তার শাসনামলে কাতার বৈশ্বিক অঙ্গনে প্রভাবশালী অবস্থান তৈরি করে এবং আন্তর্জাতিক বিনিয়োগ, গণমাধ্যম ও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
২০১৩ সালে শেখ হামাদ স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেন। মধ্যপ্রাচ্যের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিরল দৃষ্টান্ত হিসেবে এই সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়।
তার মৃত্যুতে কাতারসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক ও আন্তর্জাতিক নেতারা তার অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করছেন।