
মাঠে বড় কোনো শিরোপা না জিতলেও আর্থিক দিক থেকে নতুন ইতিহাস গড়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়ে ক্লাবটির পরিচালন আয় দাঁড়িয়েছে ১.২২১ বিলিয়ন ইউরো (প্রায় ১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার), যা তাদের ইতিহাসের সর্বোচ্চ।
বার্তা সংস্থা বাসস জানায়, এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় তাদের পরিচালন আয় ৩.১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ক্লাবটি প্রথমবারের মতো ১.২ বিলিয়ন ইউরো আয়ের মাইলফলক অতিক্রম করেছে।
ক্লাবটির দাবি, বিশ্বের অন্য কোনো ক্রীড়া সংস্থা এখন পর্যন্ত এত বেশি পরিচালন আয় করতে পারেনি। ফলে ক্রীড়া শিল্পে সর্বোচ্চ আয়কারী প্রতিষ্ঠানের অবস্থান আরও শক্তিশালী করেছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল আরও জানিয়েছে, কর পরিশোধের পর তাদের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো, যা আগের মৌসুমের তুলনায় ৮ শতাংশ বেশি।
এই আর্থিক সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে বাড়তি আয় এবং নতুন স্পনসরশিপ চুক্তি। স্টেডিয়াম-সংশ্লিষ্ট আয় ১১ শতাংশ বেড়ে ৩৬ কোটি ৩০ লাখ ইউরোতে পৌঁছেছে।
এদিকে, টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারার পর জুন মাসে ক্লাবটি প্রধান কোচ হিসেবে হোসে মরিনহোকে নিয়োগ দেয়।
নতুন মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করতেও সক্রিয় রিয়াল। ইতোমধ্যে বার্নার্দো সিলভা ও মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরবি লিপজিগের আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দের সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিও রিয়ালের সম্ভাব্য লক্ষ্য হিসেবে আলোচনায় রয়েছেন।