
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে প্রজ্ঞা, বিচক্ষণতা ও দূরদর্শিতার পরিচয় হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।
তবে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে তা রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হতো বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ রাজনৈতিক বোঝাপড়া এবং ভবিষ্যতের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারত।
মতবিনিময় সভায় যুব সংগঠকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে দেশের যুব সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দেশের কোটি কোটি তরুণের আকাঙ্ক্ষা ধারণ করে গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজে এই বিশাল যুবশক্তিকে কাজে লাগাতে হবে। এজন্য সরকারকে যুব সমাজকে কেন্দ্র করে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুব সমাজকে জেগে থাকতে হবে। দেশের যেকোনো অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে।
তিনি বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সভায় যুব নেতৃবৃন্দ বলেন, যুব সমাজের মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা না গেলে দেশের গণতান্ত্রিক উত্তরণও নিশ্চিত করা সম্ভব হবে না।
আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করতে সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠক তুহিন রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, সদস্যসচিব মীর রেজাউল আলম, মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মো. ফেরদৌস, মনির হোসেন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম রনি ও শ্যামল ভূইয়াসহ অন্যান্য নেতারা।
সভার শুরুতে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।