
রিকশা শ্রমিকসহ দেশের অবহেলিত শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা ও মানবিক জীবন নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
তিনি বলেছেন, শ্রমজীবী মানুষের বাঁচার দাবি পূরণ করেই সরকারকে প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থেই শ্রমিকবান্ধব সরকার। রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করা না গেলে তাদের কাছে গণতন্ত্র কোনো অর্থ বহন করবে না।
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত রিকশা শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, রিকশা শ্রমিকদের মানবাধিকার ও জীবন-জীবিকার প্রশ্ন নিয়ে সমাজের খুব কম মানুষই কথা বলেন। অথচ জীবিকার তাগিদে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজেদের এবং পরিবারের জীবন নির্বাহ করছেন।
তিনি বলেন, চলমান বিদ্যুৎ সংকটের দায়ও একপর্যায়ে রিকশা শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে আগে সরকারসহ উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ব্যাটারিচালিত রিকশা নির্বিচারে ডাম্পিং এবং শ্রমিকদের ওপর পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আটক করা সব রিকশা ছেড়ে দিতে হবে। অন্যথায় রিকশা শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ থেকে রিকশা শ্রমিকদের জন্য ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—রিকশা শ্রমিকদের ওপর দমন-পীড়ন, পুলিশি হয়রানি ও রিকশা ডাম্পিং বন্ধ করা; শ্রমিকদের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা; প্রয়োজন অনুযায়ী রিকশার জন্য পৃথক লেনের ব্যবস্থা করা; অটোরিকশা শ্রমিক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা; শ্রমিকদের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা এবং সব ধরনের নির্যাতন বন্ধ করে তাদের মানবিক জীবন নিশ্চিত করা।
বক্তারা বলেন, জীবিকার তাগিদে বিপুলসংখ্যক মানুষ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজেদের ও পরিবারের জীবন নির্বাহ করছেন। কিন্তু বিভিন্ন সময়ে রিকশা ডাম্পিং, পুলিশি হয়রানি ও নানা ধরনের নির্যাতনের কারণে এসব শ্রমিক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত না করে শুধু উচ্ছেদ ও দমন-পীড়নের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আহসান বিল্লাল, কেন্দ্রীয় নেতা তুহিন খান ও মোহাম্মদ শান্ত প্রমুখ।
বক্তারা রিকশা শ্রমিকদের জীবন-জীবিকার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।