প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
সরকারি কর্মচারীদের পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মুখ্য সচিব বলেন,পে-স্কেল বিবেচনাধীন রয়েছে এবং এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে গঠিত কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।
কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।
সুপারিশ অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরির সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
তবে কমিশনের সুপারিশই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকারের পরবর্তী পর্যালোচনা, অনুমোদন এবং প্রজ্ঞাপনের পরই নতুন বেতন কাঠামো কার্যকর হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে।
এর আগে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারি করা হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় গত ১১ জুন অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে নতুন পে-স্কেলের চূড়ান্ত কাঠামো, বাস্তবায়নের ধাপ এবং সরকারি কর্মচারীরা ঠিক কত হারে বেতন পাবেন—এসব বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্য সচিব দেশের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন।
তিনি জানান, বাজারে কিছু সমস্যা রয়েছে এবং সরকার তা সমাধানের চেষ্টা করছে। জ্বালানি ও বিদ্যুতের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন মুখ্য সচিব।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়। ফলে মুখ্য সচিবের সর্বশেষ বক্তব্যের পর নতুন বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
© স্বত্বাধিকারঃ কালের দাবি