
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় ওভারহেড বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। পরে কাপড়টি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। প্রায় ১৫ মিনিট পর বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ে যাওয়ায় নিরাপত্তার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলার পর আবার ট্রেন চলাচল শুরু করা হয়।
এ সময় একটি ট্রেন থেমে যাওয়ায় মেট্রোরেলের অন্য ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাপড় সরিয়ে ফেলার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।