বেসামরিক পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্তি বাংলাদেশের
বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। শনিবার চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ সই করেন।
বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে চুক্তি সইয়ের তথ্য জানায়।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি সই হয়েছে। এর মাধ্যমে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বেসামরিক পারমাণবিক খাতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তির আওতায় প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানোর কথা রয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হতে পারে।
বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এই চুক্তি বেসামরিক পারমাণবিক প্রযুক্তি, নিরাপত্তা ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার পরিধি বাড়ানোর একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে।