
২০২৬ বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে স্পেন। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে ম্যাচের অন্যতম প্রধান নায়ক হয়েছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।
সেভিয়ার র্যামন সানচেজ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি দর্শকদের সামনে তুলে ধরেন স্পেনের অধিনায়ক রদ্রি। এরপর মাঠের পারফরম্যান্সেও বিশ্ব চ্যাম্পিয়নের পরিচয় ধরে রাখে স্পেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। মাত্র ৭০ সেকেন্ডেই দলকে এগিয়ে দেন ইয়ামাল। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার সমন্বয়ে তৈরি আক্রমণে ফেরমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২৮ মিনিটে অবশ্য ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো।
তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্পেন। শর্ট কর্নারের পর ফেরমিন লোপেজের সঙ্গে ওয়ান-টু করে বক্সে বল পাঠান ইয়ামাল। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মার্ক পিউবিল।
বিরতির আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। বক্সের ভেতর থেকে ফেরমিনের বাঁকানো শট ক্রোয়েশিয়ার পোস্টে লেগে ফিরে আসায় গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে স্পেন। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
জোড়া গোলের পর ৬৮ মিনিটে ইয়ামালকে মাঠ থেকে তুলে নেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠ ছাড়ার সময় দর্শকদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পান বার্সেলোনার এই তরুণ তারকা। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদান দাঁড়িয়েছে চারটি।
শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৮১ মিনিটে মাঠে নামেন ৪১ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। তবে তাঁর উপস্থিতিতেও ম্যাচের চিত্র বদলায়নি।
বরং ৮৯ মিনিটে স্পেনের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস। রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি। মজার বিষয়, গোলটির সঙ্গে জড়িত চার স্প্যানিশ খেলোয়াড়ই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
এই জয়ে উয়েফা নেশনস লিগে টানা দুই ম্যাচ জিতল স্পেন। আগামী ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। একই দিনে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের।