
প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে নতুন ও অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে এসব বাজারে রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২১৭ কোটি ডলার।
বিশেষ করে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াতেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এসব পরিসংখ্যান পাওয়া গেছে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সেই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
এই চার মাসে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে এই একটি বাজার থেকে।
অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে তুরস্কের অংশও বেড়েছে। গত বছরের একই সময়ে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, এবার তা দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪০ শতাংশ। অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ১৮ দশমিক ৪৪ শতাংশই গেছে জাপানে।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ, আয় হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলার।
তবে ভারতের বাজারে রপ্তানি কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ। দেশটিতে চার মাসে পোশাক রপ্তানি হয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলার।
শীর্ষ পাঁচ বাজারের বাইরে থাকা দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। এসব বাজারে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে এসব দেশে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ওই মাসে অপ্রচলিত বাজারগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে ওই মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। বিপরীতে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগেই প্রয়োজনীয় সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে। নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি বাড়লে তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা জোরদার হবে। জাপান ও তুরস্কের মতো বড় বাজারের পাশাপাশি অন্যান্য গন্তব্যেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে কয়েকটি প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।