
ইরান যুদ্ধকে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা বাড়িয়ে দিয়েছেন তিনি। এতে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী কে হবেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়ে ভ্যান্সের মূল্যায়ন প্রথমদিকে ট্রাম্প খুব একটা গুরুত্ব দেননি। বরং সাংবাদিকদের কাছে তিনি ভ্যান্সের বক্তব্যের কিছু অংশকে সত্য বলে স্বীকারও করেছিলেন। তবে গত দুই সপ্তাহে ভাইস প্রেসিডেন্টের ওপর তার অসন্তোষ বেড়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে কী ভুল হয়েছে, তা ভ্যান্স যেভাবে তুলে ধরেছেন, সেটি নিয়ে ট্রাম্পের আপত্তি। সহযোগী ও মিত্রদের কাছে তিনি বলেছেন, ভ্যান্সের উচিত ছিল স্পষ্টভাবে জানানো যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল।
অন্যদিকে, ব্যক্তিগত আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করছেন ট্রাম্প। তিনি রুবিওকে একজন শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন বলে কয়েকজন ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পের মিত্রদের দাবি, রুবিও ধারাবাহিকভাবে ইরানে হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে সমর্থন জানিয়েছেন।
প্রকাশ্যেও ভ্যান্সের প্রতি অসন্তোষের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে তিনি বলেন, ভাইস প্রেসিডেন্টের এ বিষয়ে ‘আরেকটি কথা বলা উচিত ছিল’। ভ্যান্সের বিশ্লেষণে কী অনুপস্থিত ছিল, তা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, আবার সুযোগ পেলে একই সিদ্ধান্ত নেওয়া হতো কি না—এর উত্তর হ্যাঁ হওয়া উচিত ছিল।
ট্রাম্প ও ভ্যান্সের এই টানাপোড়েন এমন সময়ে সামনে এসেছে, যখন ভ্যান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা বিবেচনা করছেন। রিপাবলিকান দলের মনোনয়ন পেতে ট্রাম্পের সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক রিপাবলিকান ধরে নিয়েছিলেন, ২০২৮ সালে দলের মনোনয়ন দৌড়ে ভ্যান্স এগিয়ে থাকবেন। কিন্তু প্রেসিডেন্ট তার উত্তরসূরি নিয়ে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে ভিন্ন অবস্থান দেখিয়েছেন।
ভ্যান্স নিজেও এখনো প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নেননি। ফক্স নিউজকে তিনি বলেছেন, আগামী বছরের কোনো এক সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তার ঘনিষ্ঠদের মতে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভ্যান্স সত্যিই দ্বিধায় রয়েছেন। পরিবার, ছোট সন্তানদের সময় দেওয়া এবং নির্বাচনে জয়ের সম্ভাবনা—সবকিছু বিবেচনায় নিচ্ছেন তিনি। গত জুলাইয়ে তার চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। জয়ের সম্ভাবনা স্পষ্ট না হলে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন তিনি।
ইরান যুদ্ধের পরিণতি এবং ভোটারদের মধ্যে সংঘাতটির অজনপ্রিয়তা ভ্যান্সের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তার কয়েকজন মিত্রের ধারণা, ট্রাম্প যদি ইরানে নতুন করে বড় সামরিক অভিযান শুরু করেন, তাহলে ভ্যান্সের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা আরও কমে যেতে পারে।
২০২৩ সালে ট্রাম্পকে সমর্থন দেওয়ার সময় ভ্যান্স বলেছিলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে নতুন কোনো যুদ্ধে জড়াবেন না। ইরান সংঘাত নিয়ে প্রশাসনের ভেতরে ব্যক্তিগতভাবে আপত্তি থাকলেও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর তিনি প্রকাশ্যে নিজের মূল্যায়ন তুলে ধরেন।
নির্বাচনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমাদের হারার কারণ যুদ্ধ।’
ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, ট্রাম্পও নির্বাচনে পরাজয়ের জন্য যুদ্ধকে দায়ী করেছেন। তবে প্রেসিডেন্ট বিভিন্ন কারণের কথা বলেছেন। তার মতে, ব্যালটে নিজের নাম না থাকাও রিপাবলিকানদের হারের অন্যতম কারণ।
নির্বাচনের পর ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন। পরে ট্রাম্প জানান, তিনি চান ভ্যান্স ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচনি জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দিন।
ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মার্কো রুবিওকে নিয়ে ট্রাম্পের ইতিবাচক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রুবিও অবশ্য বলেছেন, তিনি ভ্যান্সকে সমর্থন করবেন। প্রেসিডেন্ট পদে লড়তে প্রশাসন ছাড়ার গুঞ্জনও নাকচ করেছেন তিনি।
তবে রুবিওর কয়েকজন মিত্রের মতে, ট্রাম্প উৎসাহ দিলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি অসাধারণ কাজ করছেন।
ট্রাম্প বিদেশ সফরে থাকায় প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যান্স যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রেসিডেন্টের সফরে রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় ট্রাম্পের কাছে রুবিওর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়কর ফলাফলের পর দলের অন্য নেতারাও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা বিবেচনা করছেন। তাদের মধ্যে রয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস।
ভ্যান্সের মিত্রদের কেউ কেউ মনে করছেন, আগেভাগে কাউকে উত্তরসূরি হিসেবে নির্ধারণ করে দেওয়ার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি নির্বাচন দলের জন্য বেশি কার্যকর হতে পারে। তারা ২০২৪ সালে ডেমোক্র্যাট দলের কমালা হ্যারিসের মনোনয়ন প্রক্রিয়ার উদাহরণও সামনে আনছেন।
তবে রাজনৈতিক কৌশলবিদদের মতে, ভ্যান্সও শেষ পর্যন্ত হ্যারিসের মতো পরিস্থিতিতে পড়তে পারেন। অনেক ভোটার হ্যারিসকে জো বাইডেনের রাজনৈতিক ধারাবাহিকতা হিসেবে দেখেছিলেন।
২০১৬ সালে ভ্যান্স ট্রাম্পের প্রকাশ্য সমালোচক ছিলেন। সে সময় তিনি ট্রাম্পকে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের অযোগ্য বলেছিলেন। পরে অবস্থান পরিবর্তন করে ট্রাম্পের সমর্থক হন। ২০২২ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় ট্রাম্পের সমর্থন চেয়ে তা পেয়েছিলেন এবং নির্বাচনে জয়ী হন।
রিপাবলিকানদের অনেকের ধারণা, দলের প্রাইমারিতে জিততে ট্রাম্পের প্রকাশ্য কিংবা পরোক্ষ সমর্থন ভ্যান্সের প্রয়োজন হবে। কিন্তু ট্রাম্প এখনো কাউকে উত্তরসূরি হিসেবে সমর্থন দেওয়ার বিষয়ে তাড়াহুড়া করছেন না। তার উপদেষ্টাদের মতে, সহযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন প্রেসিডেন্ট।
ইরান যুদ্ধ, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প-ভ্যান্স সম্পর্কের এই টানাপোড়েন রিপাবলিকান দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নকে আরও জটিল করে তুলছে।