
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও তা যেন শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় কোনো বিঘ্ন সৃষ্টি না করে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা স্বাভাবিক।
তবে এই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ হবে, কর্মে আত্মনির্ভরশীল হবে, মানবিকতায় সমুন্নত থাকবে এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
সম্মিলনে দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। এসব কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
আয়োজকদের মতে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাই সম্মিলনের মূল উদ্দেশ্য।
পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নেও অধ্যক্ষদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে কিছুটা দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।