ঢাকা | বঙ্গাব্দ

‘অচিরেই জনরোষে পড়বে সরকার’-জ্বালানি তেলের দাম নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
‘অচিরেই জনরোষে পড়বে সরকার’-জ্বালানি তেলের দাম নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ। ছবির ক্যাপশন: জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ। ছবি: কালের দাবি।
ad728


জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং মবসন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের কারণে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে জনবান্ধব পদক্ষেপ না নিলে সরকারকে জনঅসন্তোষের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী। বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মুশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তুহিন রহমান এবং সদস্য সচিব ইব্রাহিম আহমেদ রনি। সমাবেশ পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় নেতা মো. ফিরোজ আলী।

সভাপতির বক্তব্যে বহ্নিশিখা জামালী বলেন, বিশ্ববাজারের দোহাই দিয়ে দেশে যেভাবে জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপন্ন হয়ে পড়েছে। আগের সরকারের আমলের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলা হলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য ও চক্রান্ত আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বহ্নিশিখা জামালী বলেন, গণবিরোধী ও ফ্যাসিবাদী ধারা অব্যাহত থাকলে সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তিনি অবিলম্বে জনকল্যাণমুখী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আকবর খান বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে হটানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সাধারণ শ্রমিক, হকার ও নিম্নআয়ের মানুষের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। বরং আগের আমলের মতোই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও লুটপাট অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণ জনবান্ধব ও কল্যাণমুখী নীতি প্রত্যাশা করে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় না নিয়ে বর্তমান সরকারও আগের ধারায় হাঁটছে কি না, সেই প্রশ্ন জনগণের মধ্যে তৈরি হয়েছে।

আকবর খান আরও বলেন, গণতন্ত্রের মূল মালিক জনগণ। তাই যেকোনো নীতি বা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক ও অভিজাত তোষণ বাদ দিয়ে জনগণের স্বার্থ ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তিনবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণার শামিল। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পরিবর্তে মূল্যবৃদ্ধির মাধ্যমে তাদের জীবন আরও দুর্বিষহ করে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আবু হাসান টিপু অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানান।

বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক আওয়াল মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই হঠাৎ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং শিল্পাঞ্চলগুলোতে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। একই সঙ্গে এসব পরিস্থিতি দেশের অর্থনীতির জন্যও হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি না হয়ে উল্টো পুরোনো শিল্পকারখানা ও কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে সামাজিক অস্থিরতা ও অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সুরক্ষা এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও মবসন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশা ফিকে হওয়ায় ব্রেন্টের দাম ৯০ ডল