বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য এবং মাসিক জনগণতন্ত্র ও দৈনিক কালের দাবি পত্রিকার সম্পাদক বহ্নিশিখা জামালীর তৃতীয় গ্রন্থ ‘বৈরী রাষ্ট্র: মানুষ ও তার প্রতিরোধ’ প্রকাশিত হয়েছে। কালের দাবি প্রকাশনা থেকে প্রকাশিত ১৬৪ পৃষ্ঠার এই বিশ্লেষণধর্মী প্রবন্ধগ্রন্থে রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, নারী অধিকার, শ্রমিকশ্রেণির সংগ্রাম, পরিবেশ এবং সমকালীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে লেখকের দীর্ঘদিনের ভাবনা ও বিশ্লেষণ স্থান পেয়েছে।
বইটি চারটি প্রধান বিভাগে বিন্যস্ত। এগুলো হলো— ‘নারী অধিকার’, ‘বিপ্লব, নারীমুক্তি, বিশ্ব ও প্রকৃতি’, ‘চেতনা, স্বপ্ন ও রাজনৈতিক বাস্তবতা’ এবং ‘সমকালীন বাংলাদেশ’। প্রতিটি বিভাগে নারী নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়ন, গণতন্ত্র, সাম্প্রদায়িকতা, শ্রমিকশ্রেণির অধিকার, পরিবেশ সংকট, বিপ্লবী রাজনীতি এবং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক-সামাজিক বাস্তবতা বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
বইয়ের ভূমিকায় বহ্নিশিখা জামালী লিখেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান দেশের মানুষের মানসজগতে বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে। মানুষের সাহসী হয়ে ওঠার পাশাপাশি কয়েক প্রজন্মের ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার বাস্তব সম্ভাবনা এখনও দৃশ্যমান নয়। সমগ্র ব্যবস্থার বিপ্লবী পরিবর্তন ছাড়া বাংলাদেশ এই সংকটের ঘূর্ণাবর্ত থেকে বের হতে পারবে না।’
লেখকের মতে, পরিবর্তনের আকাঙ্ক্ষা কেবল রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এর জন্য প্রয়োজন সংগঠিত জনগণের শক্তি, গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং শোষণ-নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ। এসব ভাবনা ও বিশ্লেষণের প্রতিফলন ঘটেছে বইটির বিভিন্ন প্রবন্ধে।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মীর্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন বহ্নিশিখা জামালী। তিনি খুলনা বিএল কলেজ থেকে স্নাতক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনীতি, নারী অধিকার, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য এবং মাসিক জনগণতন্ত্র ও দৈনিক কালের দাবি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তাঁর প্রকাশিত দুটি গ্রন্থ হলো ‘ইউরোপে সাতাশ দিন’ এবং ‘নারী, প্রকৃতি, প্রাণবৈচিত্র্য ও আমাদের বিপন্ন অস্তিত্ব’। ‘বৈরী রাষ্ট্র: মানুষ ও তার প্রতিরোধ’ তাঁর প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
রাষ্ট্র, সমাজ, গণতন্ত্র, নারীমুক্তি, শ্রমিক আন্দোলন এবং সমকালীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে।
বইয়ের তথ্যঃ
বই: বৈরী রাষ্ট্র: মানুষ ও তার প্রতিরোধ
লেখক: বহ্নিশিখা জামালী
প্রকাশক: কালের দাবি প্রকাশনা
পৃষ্ঠা: ১৬৪
মূল্য: ৪০০ টাকা
সংগ্রহের ঠিকানা:
কালের দাবি প্রকাশনা
অফিস: ১৪/২, তোপখানা রোড, ৩য় তলা, ঢাকা-১০০০
যোগাযোগ:
📞 +৮৮০ ১৯৭০০৭৪৪৯৪
কালের দাবি ডেস্ক