ঢাকা | বঙ্গাব্দ

শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিক কর্মশালা, সন্ধ্যায় থাকবে লাইভ পারফরম্যান্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
শিল্পকলায় ইলেকট্রনিক মিউজিক কর্মশালা, সন্ধ্যায় থাকবে লাইভ পারফরম্যান্স ছবির ক্যাপশন: দিনব্যাপী ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক আয়োজন
ad728

আধুনিক প্রযুক্তিনির্ভর সংগীতচর্চাকে তরুণ প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে দিনব্যাপী ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

শনিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ও প্রযোজনা বিভাগের উদ্যোগে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে। সহযোগিতায় রয়েছে ইলেকট্রনিক সংগীতশিল্পীদের সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’

আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক মিউজিকবিষয়ক বিশেষ কর্মশালা। এতে অংশ নেওয়া তরুণ সংগীতশিল্পী ও সাউন্ড আর্টিস্টদের ইলেকট্রনিক সংগীতের মৌলিক ধারণা, সাউন্ড ডিজাইন, বিট-মেকিং, লাইভ পারফরম্যান্স সেটআপ এবং বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশল শেখানো হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব এবং হাসিব মাহমুদ।

দিনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক সংগীতের লাইভ পরিবেশনা। এতে দেশের বিভিন্ন ইলেকট্রনিক মিউজিক শিল্পী ও সাউন্ড আর্টিস্ট নিজেদের মৌলিক কম্পোজিশন, লাইভ সেট এবং পরীক্ষাধর্মী সাউন্ডওয়ার্ক উপস্থাপন করবেন।

আয়োজকদের ভাষ্য, প্রযুক্তি, নগরজীবনের শব্দ ও সৃজনশীল সংগীতচর্চার সমন্বয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে ইলেকট্রনিক সংগীতকে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমসাময়িক শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যও রয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আশা করছে, এমন আয়োজনের মাধ্যমে দেশের তরুণ সংগীতশিল্পী ও সাউন্ড ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ইলেকট্রনিক সংগীতচর্চার নতুন সম্ভাবনা তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিনদেশি ফুটবলের ৯০ মিনিট ও আমাদের লাল-সবুজ আত্মোপলব্ধি

ভিনদেশি ফুটবলের ৯০ মিনিট ও আমাদের লাল-সবুজ আত্মোপলব্ধি