ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগের অভিযোগ অস্বীকার রাশিয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগের অভিযোগ অস্বীকার রাশিয়ার ছবির ক্যাপশন: ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে কলম্বিয়ায় রাশিয়ার দূতাবাস।
ad728


কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের ইউক্রেন যুদ্ধে নিয়োগ দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে কলম্বিয়ায় রাশিয়ার দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস দাবি করেছে, এ ধরনের নিয়োগ কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কেও তারা কিছু জানে না।

সোমবার কলম্বিয়ার সংবাদমাধ্যম নোতিসিয়াস কারাকোল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে সাক্ষ্য ও বিভিন্ন নথির ভিত্তিতে দাবি করা হয়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অংশ হিসেবে রাশিয়া কলম্বীয় নাগরিকদের নিয়োগ দিয়েছে।

তবে বুধবার প্রকাশিত বিবৃতিতে রাশিয়ার দূতাবাস জানায়, প্রতিবেদনে যাদের নিয়োগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে দূতাবাসের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি তারা কীভাবে অর্থায়ন করছে, সে বিষয়েও দূতাবাসের কোনো তথ্য নেই বলে দাবি করা হয়েছে।

এদিকে বিদেশে নিরাপত্তা ও সামরিক কাজে নিয়োজিত কলম্বীয়দের স্বজনরা অভিযোগ করেছেন, রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেই তাদের প্রিয়জনদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশই অবসরপ্রাপ্ত সামরিক সদস্য।

গত নভেম্বরে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিযোগে দুই কলম্বীয় নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দেয় রাশিয়া।

অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, অর্থের বিনিময়ে বর্তমানে অন্তত সাত হাজার কলম্বীয় নাগরিক রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে অংশ নিচ্ছেন।

জাতিসংঘের গত মার্চের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে অন্তত ১০ হাজার কলম্বীয়কে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের অনেকেই অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের গৃহসংঘাত, গেরিলা যুদ্ধ ও মাদকবিরোধী অভিযানে প্রশিক্ষিত হওয়ায় অবসরপ্রাপ্ত অনেক কলম্বীয় সেনাসদস্য বিদেশে নিরাপত্তা বা সামরিক চুক্তিভিত্তিক কাজে যুক্ত হচ্ছেন। এ কারণে সুদান, ইয়েমেন, ইউক্রেন এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কলম্বীয় ভাড়াটে যোদ্ধাদের উপস্থিতি ক্রমেই বাড়ছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকাশিত হলো বহ্নিশিখা জামালীর তৃতীয় গ্রন্থ ‘বৈরী রাষ্ট্র: ম

প্রকাশিত হলো বহ্নিশিখা জামালীর তৃতীয় গ্রন্থ ‘বৈরী রাষ্ট্র: ম