বিশিষ্ট শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, শ্রমিক কৃষক সমাজবাদী দলের সভাপতি এবং বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড মোসাদ্দেক হোসেন স্বপন গত রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শোকবার্তায় আকবর খান বলেন, মোসাদ্দেক হোসেন স্বপনের মৃত্যুতে দেশের মানুষ একজন শ্রমিকবান্ধব, নিবেদিতপ্রাণ ও সংগ্রামী নেতাকে হারিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য তার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম দেশের শ্রমিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে মোসাদ্দেক হোসেন স্বপনের অবদান শ্রমিক আন্দোলনের সহযোদ্ধারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আকবর খান প্রয়াত মোসাদ্দেক হোসেন স্বপনের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
একই সঙ্গে তিনি প্রয়াত এই শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কালের দাবি ডেস্ক