ঢাকা | বঙ্গাব্দ

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বাড়ছেই, আশ্রয়শিবিরে এখনও ২০ হাজার মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বাড়ছেই, আশ্রয়শিবিরে এখনও ২০ হাজার মানুষ ছবির ক্যাপশন: ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর চলছে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম।
ad728


ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস জানিয়েছেন, সর্বশেষ হিসাব অনুযায়ী ভূমিকম্পে ৫ হাজার ৬৯ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই ইতোমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য আইএমএফ থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার তোলা হয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি মানবিক প্রয়োজন মেটাতে ভেনেজুয়েলাকে সংস্থায় জমা থাকা নিজস্ব অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অর্থটি দেশটির ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে গৃহহীন হওয়া প্রায় ২০ হাজার মানুষ এখনও অস্থায়ী ও জনাকীর্ণ আশ্রয়শিবিরে বসবাস করছেন। এসব শিবিরের অনেকগুলোতেই নিরাপদ পানীয় পানি ও পর্যাপ্ত স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে।

বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩.৫৬৮ বিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) রয়েছে, যার মূল্য প্রায় ৫.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এতদিন এই অর্থ ব্যবহারে জটিলতা ছিল।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মাদুরো ক্ষমতাচ্যুত হলে, গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। ২০১৯ সাল থেকে দেশটির সঙ্গে সংস্থা দুটির আনুষ্ঠানিক সম্পর্ক স্থগিত ছিল।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,