ঢাকা | বঙ্গাব্দ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল পোশাকশিল্প, গাজীপুর-সাভারে সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল পোশাকশিল্প, গাজীপুর-সাভারে সড়ক অবরোধ ছবির ক্যাপশন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবিঃ সংগৃহীত
ad728



ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশের তৈরি পোশাকশিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের ঘটনায় অচলাবস্থা তৈরি হয়েছে। কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কোথাও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। নতুন করে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

শ্রমিকদের সড়ক থেকে সরাতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। একপর্যায়ে হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, গাড়িটি মহানগর পুলিশের।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার পর্যন্ত ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফলে শিল্পাঞ্চলের অন্তত ৪৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কোনাবাড়ী এলাকার দুটি কারখানার শ্রমিকেরাও বুধবার বিক্ষোভ করেন।

এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বুধবার সকাল ১০টা পর্যন্ত অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সাভারে শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন কারখানায়ও কর্মবিরতি ও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

ঢাকার মিরপুরেও পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ফলে রাজধানীর শিল্পাঞ্চল ও আশপাশের এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আন্দোলন করছেন। বুধবারের বিক্ষোভও সেই আন্দোলনের ধারাবাহিকতা।

শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাই মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন তারা।

অন্যদিকে, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পোশাকশিল্পের সামগ্রিক কার্যক্রমেও চাপ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
বেসামরিক পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্ত

বেসামরিক পারমাণবিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত চুক্ত