ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের দিল্লি সফরের আগে বাংলাদেশের শর্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
তারেক রহমানের দিল্লি সফরের আগে বাংলাদেশের শর্ত ছবির ক্যাপশন: তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা।
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সফরের আগে বাংলাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়টি রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। ভারত ২১ আগস্টকে সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের তারিখ হিসেবে প্রস্তাব করেছিল। পাশাপাশি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের জন্য একটি সহায়ক পরিবেশ প্রয়োজন। একই সঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছ থেকে দ্রুত পদক্ষেপ চাওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ঘটনায় ঢাকার পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।

এ ছাড়া দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে হস্তান্তরের অনুরোধও জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বাংলাদেশের এই অবস্থানকে ‘কঠিন শর্ত’ ও ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ভারতীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে, ব্রিকস সম্মেলন ও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে এবং সফরের সময় নির্ধারণের বিষয়টি ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থার প্রশ্নে অগ্রগতি না হলে তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যেতে পারে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও পানিবণ্টনের মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়েও এর প্রভাব পড়তে পারে।

বর্তমানে উভয় পক্ষই উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। ফলে তারেক রহমানের ভারত সফর শেষ পর্যন্ত কবে এবং কী শর্তে হবে, তা নির্ভর করছে ঢাকা ও নয়াদিল্লির আলোচনায় কোনো বাস্তবসম্মত সমঝোতা হয় কি না তার ওপর।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
গাজায় ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর, পশ্চিম তীরেও উচ্ছেদ-হামল

গাজায় ৩০০ দিনে প্রাণ গেল ৩০০ শিশুর, পশ্চিম তীরেও উচ্ছেদ-হামল