ঢাকা | বঙ্গাব্দ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ, মিলল চূড়ান্ত অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ, মিলল চূড়ান্ত অনুমোদন ছবির ক্যাপশন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ফাইল ছবি
ad728

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আগে গুরুত্বপূর্ণ ধাপ ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমোদন পাওয়া গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে এ প্রক্রিয়া শুরুর অনুমতি দেয়।

‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ হলো রিঅ্যাক্টরে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু হওয়ার পর্যায়। এই ধাপে রিঅ্যাক্টর স্থির অবস্থা থেকে সক্রিয় অপারেশনাল পর্যায়ের দিকে অগ্রসর হয়।

নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করার আগে আরও দুটি অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন পাওয়ার পরও বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সংযোগের আগে আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ব্যবস্থার সেফটি ভালভ নিয়ে জটিলতার কারণে এতদিন ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন আটকে ছিল। পরে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে সমস্যাটি সমাধানে কাজ করে। একাধিক পরীক্ষায় সেফটি ভালভের কার্যকারিতা সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ার পর অনুমোদনের পথ তৈরি হয়।

এখন রিঅ্যাক্টরে ধাপে ধাপে নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু করা হবে। ফিজিক্যাল স্টার্ট-আপ পর্যায়ে রিঅ্যাক্টরকে নির্ধারিত তাপীয় ক্ষমতার ১ শতাংশেরও কম শক্তিস্তরে পরিচালনা করে প্রাথমিক ক্রিটিক্যালিটিতে নেওয়া হবে। এরপর শুরু হবে ফার্স্ট ক্রিটিক্যালিটি।

এই পর্যায়ে রিঅ্যাক্টরের গুরুত্বপূর্ণ পরামিতি, বিভিন্ন সিস্টেম, নিরাপত্তাব্যবস্থা এবং নিয়ন্ত্রণ সরঞ্জামের কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। পুরো ফিজিক্যাল স্টার্ট-আপ প্রক্রিয়ায় প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে।

পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে। এরপর বিদ্যুৎ উৎপাদন এবং জাতীয় গ্রিডে সংযোগের জন্য প্রয়োজনীয় পরবর্তী অনুমোদন ও পরীক্ষা সম্পন্ন করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই অগ্রগতি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানির বাড়তি দামে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা

জ্বালানির বাড়তি দামে বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি টাকা