উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে গর্ব প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লেখা এক চিঠিতে তিনি দুই দেশের সম্পর্কের আরও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার এ তথ্য সামনে আসে।
কিম জং উন বলেন, পুতিনের সঙ্গে যৌথভাবে উত্তর কোরিয়া-রাশিয়া সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং দুই দেশের অভিন্ন সংগ্রামের ইতিহাসকে আরও সমৃদ্ধ করার সুযোগ নিয়ে তিনি গর্বিত।
চিঠিতে তিনি রাশিয়ার ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেন। কিম বলেন, পুতিনের নেতৃত্বে রাশিয়া আরও সমৃদ্ধ হবে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম হবে বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে উত্তর কোরিয়া ক্রেমলিনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে।
এর বিনিময়ে পিয়ংইয়ং অর্থনৈতিক সুবিধা ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে সেনাসহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তাও দিয়েছে।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানি ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার মুক্তির বার্ষিকী উপলক্ষে পুতিনও কিম জং উনকে একটি চিঠি পাঠান।
সেখানে রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে এবং মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক বর্তমানে সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে রয়েছে।
পুতিন আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশ বিভিন্ন খাতে সক্রিয় সহযোগিতা অব্যাহত রেখেছে।
দুই নেতার এই চিঠি বিনিময়ের মধ্যেই ইউক্রেন অভিযোগ করেছে, চলতি মাসে তাদের ভূখণ্ডে চালানো হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ওই হামলায় অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে কিয়েভ।

কালের দাবি ডেস্ক