জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণসহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচি শেষে দেশে ফিরছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরকালে সাইফুল হক জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেন। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি একাধিক উচ্চপর্যায়ের সভা ও মতবিনিময় অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
সফরকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান আয়োজিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাইফুল হক।
দলটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহ অবস্থানকালে সাইফুল হক নিউইয়র্ক, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও ম্যারিল্যান্ডে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, ভাসানি ফাউন্ডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। সফরকালে বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
দেশে ফেরার পর বিমানবন্দরে সাইফুল হককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খানের নেতৃত্বে নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালের দাবি ডেস্ক