ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা ছবির ক্যাপশন: ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা: রয়টার্স
ad728

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা ভাবছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যায়বিচারের প্রতি তার আস্থা রয়েছে এবং বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি বাংলাদেশে ফিরতে চান।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে তিনি কবে ফিরবেন বা কোথায় আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি।

শেখ হাসিনা বলেন, “আমাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ বারবার ভারতকে অনুরোধ করছে। তবে আমি নিজেই দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চাই। বিচার প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয়, সেটিও সবাই দেখুক।”

তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। একই সঙ্গে বলেন, দেশে ফিরে গ্রেপ্তার বা প্রাণহানির ঝুঁকি থাকলেও তিনি ফেরার সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত চলে যান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয় এবং ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের সহিংসতায় শিশু-কিশোরসহ প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ওই সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তুলে ধরা হয়।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সম্প্রতি জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বলেন, তিনি ফেরার বিষয়ে কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি। আওয়ামী লীগের পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ইতোমধ্যে বিভিন্ন সংসদীয় আসনের নেতাদের সঙ্গে অনলাইন বৈঠক করেছেন বলেও জানান।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
তেলের বাজারে বড় সুখবর! উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে

তেলের বাজারে বড় সুখবর! উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে