ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বে সবচেয়ে বেশি সোনার মজুত কোন দেশে, বাংলাদেশের কত টন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 24, 2026 ইং
বিশ্বে সবচেয়ে বেশি সোনার মজুত কোন দেশে, বাংলাদেশের কত টন ছবির ক্যাপশন: বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে সোনা মজুত রাখে।
ad728

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতা বাড়লে বিনিয়োগকারীদের পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও সোনার মজুত বাড়ানোর দিকে ঝোঁে। ডলারের মূল্য ওঠানামা কিংবা বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে সোনা নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে এর গুরুত্ব বাড়ছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনার মজুত বাড়াচ্ছে।

২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির সোনার ভান্ডারে রয়েছে ৮ হাজার ১৩৩ টন সোনা।

সোনার মজুতের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটির সোনার ভান্ডারে রয়েছে ৩ হাজার ৩৪৯ টন সোনা, যা যুক্তরাষ্ট্রের মজুতের অর্ধেকেরও কম।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটির সোনার মজুত ২ হাজার ৪৫২ টন। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের মজুত ২ হাজার ৪৩৭ টন। আর ২ হাজার ৪১০ টন সোনা নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীন।

কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সোনার মজুত বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।

বিশ্বে সোনার মজুতের দিক থেকে শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ফ্রান্স ও চীনের পর রয়েছে রাশিয়া, সুইজারল্যান্ড, ভারত, জাপান ও পোল্যান্ড।

তালিকায় ষষ্ঠ স্থানে থাকা রাশিয়ার সোনার মজুত ২ হাজার ২৬৪ টন। সপ্তম অবস্থানে থাকা সুইজারল্যান্ডের মজুত ১ হাজার ৪০ টন। ভারত ও জাপান উভয়ের সোনার মজুত ৮৮১ টন। আর ৬৭৩ টন সোনা নিয়ে দশম অবস্থানে রয়েছে পোল্যান্ড।

দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছেও বিপুল পরিমাণ সোনা রয়েছে। সংস্থাটির সোনার মজুত প্রায় ২ হাজার ৮১৪ টন। আইএমএফকে পৃথকভাবে একটি দেশ হিসেবে বিবেচনা করা হলে সোনার মজুতের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অবস্থানে থাকত।

১৯৪৪ সালে আইএমএফ প্রতিষ্ঠার সময় সদস্যদেশগুলোর চাঁদার একটি অংশ সোনার মাধ্যমে পরিশোধের নিয়ম চালু করা হয়েছিল। এ ব্যবস্থার মধ্য দিয়ে সংস্থাটির সোনার ভান্ডার গড়ে ওঠে। পরবর্তী সময়ে বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমেও সোনার মজুত বৃদ্ধি পায়। দীর্ঘ মেয়াদে আর্থিক সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের সোনার মজুত অনেক কম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সোনার মজুত ১৪ দশমিক ২৮ টন। বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে ১৪ দশমিক ২৭৮ টন সোনা। ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনেও এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের মজুত সোনার বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি সোনা রাখা আছে কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের সোনার মজুতের পরিমাণ অপরিবর্তিত ছিল। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় মজুত সোনার মূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে সোনা শুধু মূল্যবান ধাতু নয়, আর্থিক নিরাপত্তারও গুরুত্বপূর্ণ সম্পদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলার, ইউরো ও অন্যান্য মুদ্রার পাশাপাশি সোনা থাকলে আন্তর্জাতিক বাজারে মুদ্রার দর ওঠানামা কিংবা আর্থিক সংকটের সময় ঝুঁকি কমানো সম্ভব।

সোনার অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি কোনো নির্দিষ্ট দেশের মুদ্রা কিংবা সরকারের ঋণের ওপর নির্ভরশীল নয়। এ কারণে ডলারের ওপর নির্ভরতা কমানো এবং রিজার্ভের সম্পদে বৈচিত্র্য আনার কৌশল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনে।

বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অনিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা বাড়িয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মোট ৬৭৫ টন সোনা কিনেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৬ শতাংশ বেশি।

শুধু জুলাই থেকে সেপ্টেম্বর—তৃতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে ৩২১ টন সোনা। আগের বছরের একই সময়ের তুলনায় এই ক্রয় ৪২ শতাংশ বেশি।

বিশ্ববাজারে সোনার দাম সাম্প্রতিক সময়ে বড় ধরনের পতনের মুখে পড়লেও দীর্ঘ মেয়াদে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা সোনার বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়ানো হয়েছে বিজিবি

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়ানো হয়েছে বিজিবি