দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছেন আরও ৬০৯ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ২৬৩। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮ জন, সিলেটে ৭৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, চট্টগ্রামে ৫১ জন, বরিশালে ৩৯ জন, খুলনায় ২৭ জন এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ৮৬৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৭৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগভিত্তিক ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৭৯ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৮৫ জন, বরিশালে ১২১ জন, সিলেটে ৬৪ জন, খুলনায় ৪৫ জন, রাজশাহীতে ৪২ জন, ময়মনসিংহে ৩৯ জন এবং রংপুর বিভাগে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, দেশে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জন। আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৪৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন।
কালের দাবি ডেস্ক