ঢাকা | বঙ্গাব্দ

অনলাইন জুয়া ও বেটিং দমনে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
অনলাইন জুয়া ও বেটিং দমনে নতুন আইন, সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা ছবির ক্যাপশন: জুয়া প্রতিরোধ আইন, ২০২৬
ad728

ডিজিটাল যুগে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া প্রতিরোধে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’। ১৫৯ বছর পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ বাতিল করে আধুনিক বাস্তবতায় নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উপস্থাপন করলে তা সর্বসম্মতভাবে পাস হয়।

নতুন আইনে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী উভয় দণ্ড একসঙ্গে দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

আইনের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ বর্তমান ডিজিটাল বাস্তবতায় অকার্যকর ও অপর্যাপ্ত হয়ে পড়েছে। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থপাচার ও প্রতারণা দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

নতুন আইনে ‘অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া’, ‘অনলাইন বেটিং’, ‘ক্রিপ্টোকারেন্সি’, ‘ঘোস্ট সিম’ এবং ‘ভুয়া এমএফএস অ্যাকাউন্ট’ বা ডিজিটাল ওয়ালেটের সুনির্দিষ্ট সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর, বিদেশি অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার পেজ বা চ্যানেল পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি জুয়ার সরঞ্জাম বা ডিজিটাল প্ল্যাটফর্ম সরবরাহ, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং স্পনসরশিপ কার্যক্রমের ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, এ-সংক্রান্ত সব অপরাধকে ‘আমলযোগ্য’ ও ‘অজামিনযোগ্য’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এসব অপরাধের বিচার সাইবার ট্রাইব্যুনাল অথবা প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে

ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে