ঢাকা | বঙ্গাব্দ

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন ছবির ক্যাপশন: স্রেব্রেনিৎসা গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সার্বীয় জেনারেল রাতকো ম্লাদিচ দ্য হেগের কারাগারে মারা গেছেন।
ad728

১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ভূমিকার জন্য যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সার্বীয় সামরিক প্রধান রাতকো ম্লাদিচ মারা গেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগের একটি কারাগারে তাঁর মৃত্যু হয় বলে সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস জানিয়েছে।

‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়ার আবেদন করেছিল তাঁর পরিবার ও সার্বিয়ার সরকারি কর্মকর্তারা। তবে আদালত সেই আবেদন নাকচ করে দেয়।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় ম্লাদিচ ছিলেন সার্ব বাহিনীর সামরিক নেতা। ওই যুদ্ধে প্রায় ১ লাখ মানুষ নিহত এবং ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি ছিল স্রেব্রেনিৎসা গণহত্যা, যেখানে জাতিসংঘের সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়া প্রায় ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করা হয়।

গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৭ সালে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালে আপিলেও তাঁর সাজা বহাল থাকে। বিচার চলাকালে তিনি অভিযোগ অস্বীকার করে আদালতের বিরুদ্ধে ক্ষুব্ধ বক্তব্যও দিয়েছিলেন।

ম্লাদিচ ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার আগে প্রায় ১৬ বছর পলাতক ছিলেন। তাঁর সঙ্গে বসনিয়ার সার্ব রাজনৈতিক নেতা রাদোভান কারাদজিচ ও সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে বসনিয়া যুদ্ধের নৃশংসতার অন্যতম প্রধান মুখ হিসেবে দেখা হয়।

স্রেব্রেনিৎসার হত্যাকাণ্ডের পর মরদেহগুলো গণকবরে দাফন করা হয় এবং পরে প্রমাণ গোপন করতে অনেক মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ম্লাদিচের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগও উঠে আসে।

আন্তর্জাতিক বিচারব্যবস্থায় ম্লাদিচের অপরাধকে মানবজাতির জানা সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম হিসেবে বর্ণনা করা হয়েছিল। সাবেক জাতিসংঘ মানবাধিকারপ্রধান জেইদ রা’দ আল-হুসেইন তাঁকে ‘অশুভর প্রতিমূর্তি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

জীবনের শেষ দিকে ম্লাদিচের আইনজীবীরা তাঁর গুরুতর শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মুক্তির আবেদন করেন। তবে সেই আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর দ্য হেগের কারাগারেই তাঁর জীবনের শেষ সময় কাটে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,