রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে ১৯ অক্টোবর পৃথক চিঠির মাধ্যমে সরকারের সম্মতি জানানো হয়। চিঠিতে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। তাঁর নিয়োগের মেয়াদ ছিল তিন বছর। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলাম রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিন কর্মকর্তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে।

কালের দাবি ডেস্ক