ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের ছবির ক্যাপশন: ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের সংগৃহীত ছবি
ad728

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন—এমন প্রায় ২ লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পদক্ষেপটি কার্যকর হলে এটি মার্কিন ইতিহাসে একযোগে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, কোনো আইনি বাধা বা সিদ্ধান্তে পরিবর্তন না এলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন, তাদের ভিসা বাতিলের আওতায় আনা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, স্বল্পমেয়াদি ভিজিটর হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করা বিদেশিদের নন-ইমিগ্র্যান্ট ভিসা চিহ্নিত ও বাতিলের প্রক্রিয়া চলছে।

তবে ঠিক কতজনের ভিসা বাতিল হবে, তা এখনো নির্দিষ্ট নয়। পিগটের ভাষ্য অনুযায়ী, প্রক্রিয়াটি চলমান থাকায় সংখ্যাটি পরিবর্তিত হতে পারে এবং ধাপে ধাপে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা বাতিলের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়। যাদের আশ্রয়ের আবেদন বর্তমানে বিবেচনাধীন, তাদের বেশিরভাগের অভিবাসন ক্যাটাগরি পরিবর্তন করা হতে পারে। তবে তারা বি-১ বা বি-২ ভিসার আওতায় ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণের সুযোগ হারাবেন।

ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ভিসা ব্যবস্থায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য চাওয়া, ভিসা প্রক্রিয়ায় বড় অঙ্কের বন্ডের শর্ত এবং নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা রয়েছে।

সোমবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ পর্যটন ও ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদনকারীদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আশ্রয়ের অধিকার অভিবাসন আইন এড়ানোর পথ হিসেবে ব্যবহার করা উচিত নয়।

সাধারণত বি-১ ভিসা ব্যবসায়িক কাজের জন্য এবং বি-২ ভিসা পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা বা চিকিৎসার মতো স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। তবে এই দুই ধরনের ভিসা নিয়ে কতজন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা করতে চাইছেন, তা এখনো স্পষ্ট নয়।

বর্তমানে বি-১ বা বি-২ ভিসার জন্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করবেন না—এমন নিশ্চয়তা দিতে বলা হচ্ছে। পাশাপাশি ভ্রমণ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছার প্রমাণও চাওয়া হচ্ছে।

গত ১৮ মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষের ভিসা বাতিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনাকারীরাও এ তালিকায় রয়েছেন।

এ ছাড়া ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতেও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিদেশি নারীরা যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেওয়ার উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করছেন—এমন অভিযোগ তুলে এ ধরনের ভ্রমণ বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এপি জানায়, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস থেকে আশ্রয়ের আবেদন-সংক্রান্ত তথ্য পাওয়ার পর বি-১ ও বি-২ ভিসাধারীদের যাচাই-বাছাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংল

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংল