ঢাকা | বঙ্গাব্দ

এবার নিশানায় ইউক্রেন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
এবার নিশানায় ইউক্রেন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার বিষয়টি ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি এই ঘটনাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
স্থানীয় সময় রবিবার(২৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আরাগচি অভিযোগ করেন, ইউরোপকে নিজেদের যুদ্ধে টেনে আনার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল এই হামলা উসকে দিয়েছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার ইউক্রেনের হামলায় বাণিজ্যিক জাহাজটিতে বিস্ফোরণ ঘটে, যার ফলে একজন নাবিক নিহত এবং আরও কয়েকজন আহত হন। ইউক্রেন দাবি করেছে, তারা কাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকারসংঘাতে কখনোই হস্তক্ষেপ করেনি’।

এদিকে ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি মার্কিন সতর্ক করেছেন, এই হামলার জেরে ইউক্রেনকে পাল্টা পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে। সোমবার ভোরে ‘এক্সে’ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,ইরানের ওপর যেকোনো হামলার জন্য চড়া মূল্য দিতে হয় এবং আজও সেই কথা সত্য; যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ বিষয়ে ভালোভাবেই অবগত।

আজিজি আরও বলেন, ইউক্রেনও হয়তো শিগগিরই বুঝতে পারবে, তেহরান কোনো কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছেড়ে দেয় না। তিনি এই হামলাকে একটি ‘ভুল হিসাব-নিকাশপ্রসূত পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

এই হামলার ঘটনায় তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান এবং বিষয়টিকে ‘বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্টভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে ইরানকে সামরিক সহায়তা প্রদানের জন্য রাশিয়ার বিরুদ্ধেও অভিযোগ আনেন।

তিনি বলেন: জুলাই মাসের শুরু থেকেই আমরা উপসাগরীয় দেশগুলো এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর রাশিয়ার সক্রিয় স্যাটেলাইট নজরদারির বিষয়টি লক্ষ্য করেছি। পরবর্তীতে এই ছবিগুলো ইরানের হাতে পৌঁছায়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভ অভিযোগ করে আসছে, তেহরান হাজার হাজার ‘শাফেদ’ ড্রোন সরবরাহ করে ইউক্রেনের শহরগুলোতে মস্কোর বিমান হামলায় সহায়তা করছে।এছাড়া ইরান-কেন্দ্রিক সংঘাতের জেরে তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইউক্রেন সংহতি প্রকাশ করেছে এবং ‘শাফেদ’ ড্রোন প্রতিহত করতে উপসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক কর্মীও পাঠিয়েছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ হামলার ঘটনায় জাহাজে থাকা নাবিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচি রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যারা জাহাজের নাবিক ও কর্মীদের সহায়তা করেছিল। একইসঙ্গে তিনি ‘কিয়েভ সরকারের এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ডের অবসান ঘটানোর’ ওপর জোর দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : ডনেল ডানিয়েল কস্তা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈদেশিক ঋণ ৭৮.২ বিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ

বৈদেশিক ঋণ ৭৮.২ বিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ