আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা ও রাজনৈতিক নির্যাতনের বিচারের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে গণসমাবেশ করছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এ সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
জোটের নেতারা জানিয়েছেন, গুম-খুনের বিচার, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ, বিরোধী দলের ওপর নির্যাতন বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১-দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে। এছাড়া জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দীর্ঘমেয়াদি কর্মসূচি ঘোষণারও প্রস্তুতি চলছে।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও প্রচার কার্যক্রম লক্ষ্য করা গেছে। জোটের নেতারা কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
কালের দাবি ডেস্ক