ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে গেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতরাতে ডারবানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হেরেছিল।
ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার সাথী রানী। এরপর দলীয় ১৭ রানের মধ্যেই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।
চতুর্থ উইকেটে মোসাম্মত ইভা ও আফিয়া আসিমা ২৪ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই দুজনই সাজঘরে ফেরেন। ইভা করেন ১৯ এবং আফিয়া আসিমা ১২ রান।
৪৮ রানে পঞ্চম উইকেট হারানোর পর আর বড় সংগ্রহের পথে যেতে পারেনি বাংলাদেশ। শেষদিকে অধিনায়ক দিশা বিশ্বাসের অপরাজিত ১২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
মাত্র ৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম বলেই স্বাগতিক ওপেনার ইয়াসমিন খানকে বোল্ড করেন হাবিবা ইসলাম। চতুর্থ ওভারে আরেক ওপেনার আলেক্সজান্দ্রা ক্যান্ডলারকে ৬ রানে ফিরিয়ে দেন দিশা বিশ্বাস।
তবে এরপর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় দক্ষিণ আফ্রিকা। ফে টুনিক্লিফের ৪১ ও সিমোন লরেন্সের ২২ রানের ইনিংসে ভর করে ৪০ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম, দিশা বিশ্বাস ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট নেন।
সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ১১ আগস্ট ডারবানে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

কালের দাবি ডেস্ক