ঢাকা | বঙ্গাব্দ

ইরান যুদ্ধ সমর্থন করেন মাত্র ৩১% মার্কিন নাগরিক: রয়টার্স-ইপসোস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ইরান যুদ্ধ সমর্থন করেন মাত্র ৩১% মার্কিন নাগরিক: রয়টার্স-ইপসোস ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত
ad728

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন কমে ৩১ শতাংশে নেমেছে। রয়টার্স-ইপসোসের সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। একই সঙ্গে ৮৩ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে।

চার দিনব্যাপী পরিচালিত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন ৩১ শতাংশ মার্কিন নাগরিক। মার্চের জরিপে এ হার ছিল ৩৭ শতাংশ এবং চলতি মাসের শুরুতে ছিল ৩৪ শতাংশ।

রিপাবলিকানদের মধ্যেও যুদ্ধের সমর্থন কমেছে। বর্তমানে দলটির ৬৯ শতাংশ সমর্থক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। মার্চে এ হার ছিল ৭৭ শতাংশ।

ইরান যুদ্ধের প্রভাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনেও পড়েছে। রয়টার্স-ইপসোসের টানা দ্বিতীয় জরিপে তাঁর কাজের প্রতি অনুমোদন ৩৩ শতাংশে নেমে এসেছে, যা তাঁর প্রথম ও দ্বিতীয় মেয়াদের জরিপগুলোর মধ্যে সর্বনিম্ন।

ট্রাম্প দাবি করে আসছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য সামরিক অভিযান প্রয়োজন ছিল। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাত শুরু হয়। কয়েক মাস পর সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও ইরানের তেল রপ্তানির ওপর কার্যত অবরোধ অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও। যুদ্ধ শুরুর পর দেশটিতে পেট্রলের দাম আগের তুলনায় প্রতি গ্যালনে এক ডলারের বেশি বেড়েছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।


রয়টার্স-ইপসোস জরিপে ৮৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে বলে তাঁরা মনে করেন। চলতি মাসের শুরুতে এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন ৮০ শতাংশ উত্তরদাতা।

ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ইরান যুদ্ধের ছয় মাস পর জ্বালানির মূল্যবৃদ্ধি ও সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তাঁর প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন ট্রাম্প। তাঁর অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন।

এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধের প্রভাব নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কংগ্রেসের উভয় কক্ষে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাই দলটির অন্যতম লক্ষ্য।

জরিপে অংশ নেওয়া নিরপেক্ষ ভোটারদের কাছে আজ নির্বাচন হলে কংগ্রেসে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ছিলেন। ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৩৩ শতাংশ নিরপেক্ষ ভোটার, আর রিপাবলিকানদের পক্ষে ১৯ শতাংশ।

দেশজুড়ে ১ হাজার ২১৫ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের মার্জিন অব এরর ছিল প্রায় ৩ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়