ঢাকা | বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার কাজ শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
মক্কা প্রতিরক্ষা জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার কাজ শুরু ছবির ক্যাপশন: ইস্তাম্বুলে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিরা। ছবি: এএফপি
ad728

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ইস্তাম্বুলে চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, চুক্তির মাধ্যমে এই অঞ্চলে নতুন একটি নিরাপত্তা ও সহযোগিতা কাঠামো পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর মতে, নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর একসঙ্গে কাজ করা জরুরি।

জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কাজও শুরু হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, রিয়াদে একটি সচিবালয় স্থাপন করা হয়েছে এবং পাকিস্তানের একজনকে জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হবে।

ইস্তাম্বুলের বৈঠকে পাকিস্তানের পক্ষে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান অসীম মুনির অংশ নেন। সৌদি আরবের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। তুরস্কের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলারসহ শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা।

মূল বৈঠকের পাশাপাশি অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় যৌথ প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।


আরও দেশ যুক্ত হওয়ার আগ্রহ


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আরও ৬–৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশও এই জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মক্কা চুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলছে। জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার কোনো ঝুঁকি দেখছে না বলেও জানানো হয়েছে।


কী আছে চুক্তিতে


গত ৭ আগস্ট মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মূল চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো—সদস্যদেশগুলোর যেকোনো একটির ওপর আক্রমণকে সব সদস্যের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।

তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, জোটটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত নয়। আন্তর্জাতিক নিয়ম মেনে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাই এর লক্ষ্য।

জোটটি ভবিষ্যতে নতুন সদস্য গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে। তবে নতুন কোনো দেশকে যুক্ত করার ক্ষেত্রে নির্ধারিত শর্ত ও মানদণ্ড পূরণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন