ঢাকা | বঙ্গাব্দ

পররাষ্ট্রনীতিতে বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
পররাষ্ট্রনীতিতে বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

 অসম চুক্তি পর্যালোচনা করে বেরিয়ে আসার দাবি, পার্বত্য সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগের আহ্বান

বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় স্বাধীন জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির মতে, বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা সামরিক জোটে জড়িয়ে পড়া উচিত নয়। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে আলোচনা করে অসম ও অন্যায্য চুক্তি থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার দ্বিতীয় দিনে রাজনৈতিক অধিবেশন শেষে গৃহীত প্রস্তাবে এসব দাবি জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ কোনো দেশের দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে বাংলাদেশের স্বাধীন অবস্থান বজায় রাখা জরুরি। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হবে। কোনো রাজনৈতিক বা সামরিক জোটে জড়িয়ে পড়লে দেশের নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিসহ অতীতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল চুক্তিগুলো সংসদে আলোচনা করার আহ্বান জানায় দলটি। প্রস্তাবে অসম ও অন্যায্য চুক্তি পর্যালোচনা করে সেগুলো থেকে বেরিয়ে আসার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

পার্বত্য অঞ্চলে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি

কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রস্তাবে রাঙামাটির সাজেকের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পার্বত্য তিন জেলায় সশস্ত্র সহিংসতা ও অস্থিতিশীলতা বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় স্থায়ী রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবে বলা হয়, পার্বত্য অঞ্চলের সংকটের সামরিক সমাধান নেই—গত কয়েক দশকের অভিজ্ঞতা থেকে তা স্পষ্ট। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে দ্রুত কার্যকর রাজনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তায় কূটনৈতিক উদ্যোগের আহ্বান

সৌদি আরবসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কেন্দ্রীয় কমিটির আরেকটি প্রস্তাবে বলা হয়, বিদেশে কর্মরত বাংলাদেশের লাখ লাখ শ্রমিক অনিরাপদ পরিবেশে কাজ করছেন। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা আরও বেশি ঝুঁকির মুখে রয়েছে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়।

সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড এবং সাত হাজার বাংলাদেশির গ্রেপ্তারের ঘটনার কথা উল্লেখ করে দলটি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

পরশ ভাসানীর বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগদান

এদিকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পৌত্র এবং আবু নাসের খান ভাসানীর ছেলে রাজনীতিক পরশ ভাসানী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছেন।

শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এ সময় দলের সাধারণ সম্পাদক সাইফুল হকের হাতে পুষ্পস্তবক অর্পণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করেন পরশ ভাসানী। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সভা

সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সজীব সরকার রতন, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুর রেজা মামুন, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, আওয়াল মাহমুদ, জামাল সিকদার, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী ও মোহাম্মদ স্বাধীন মিয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা।

সভায় দলের আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়েও আলোচনা শুরু হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশে