ঢাকা | বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদ না করায় বিএনপির অর্জন বিরোধীদের হাতে তুলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে: সাইফুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
সংবিধান সংস্কার পরিষদ না করায় বিএনপির অর্জন বিরোধীদের হাতে তুলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে: সাইফুল হক ছবির ক্যাপশন: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে দলের অবস্থান তুলে ধরেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728


সংবিধান সংস্কার পরিষদ গঠন না করায় বিএনপির রাজনৈতিক ও নৈতিক অর্জন বিরোধীদের হাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তুলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার এবং ভোট দেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ শুরু করা রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু তা না করায় জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিভেদ এবং অপপ্রচারের সুযোগ তৈরি হয়েছে।

২০ সেপ্টেম্বর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে দলের অবস্থান তুলে ধরে সাইফুল হক এসব কথা বলেন।

তার মতে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলে বর্তমানে যেসব কাজ করা হচ্ছে, সেগুলো ওই পরিষদের মাধ্যমেই সম্পন্ন করা যেত। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় এখন অপ্রয়োজনীয়ভাবে দেশব্যাপী বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে।

সাইফুল হক বলেন, বিষয়টি সংসদ ও সংসদের বাইরে আলোচনা করে দ্রুত সমাধান করা প্রয়োজন। জুলাই সনদের মূল চেতনা যাতে হারিয়ে না যায়, সে জন্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রস্তাবনা ও প্রতিবেদন চূড়ান্ত করতে হবে।

বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার ভারসাম্য

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সাইফুল হক বলেন, এমন একটি মেরুদণ্ডসম্পন্ন, নিরপেক্ষ ও কার্যকর বিচারব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যা নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবের বাইরে থাকবে।

তিনি বলেন, সংবিধান সংস্কারের অন্যতম মূল প্রশ্ন হলো নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগের মধ্যে যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে বিরোধী দলে থাকলেও বিএনপি যে ধরনের বিচারব্যবস্থা প্রত্যাশা করবে, এখনই সেই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

সংবিধানের মূলনীতিতে নতুন প্রস্তাব

সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব তুলে ধরে সাইফুল হক বলেন, বর্তমান সংবিধানের চার মূলনীতি বহাল রেখে এর সঙ্গে নতুন একটি বাক্যাংশ যুক্ত করা উচিত।

দলটির প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ যুক্ত করার কথা বলা হয়েছে।

সাইফুল হক বলেন, একাধিক দফা আলোচনার পর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই প্রস্তাব গৃহীত হয়েছে। বিদ্যমান মূলনীতিগুলো বহাল রেখে প্রস্তাবিত অংশটি যুক্ত করা হলে তা সংবিধানের জন্য যথাযথ হবে বলে তিনি মনে করেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে মূলনীতির পরিভাষা পরিবর্তন এবং ‘আল্লাহর ওপর বিশ্বাস’ ফিরিয়ে আনার প্রস্তাবের বিষয়েও আলোচনা করেন তিনি। তার বক্তব্য, বিএনপি উদার গণতান্ত্রিক ধারার দেশ গড়ার অঙ্গীকার করে থাকলে মুক্তিযুদ্ধের অর্জন ও বিদ্যমান মূলনীতিগুলো বিবেচনায় রাখা প্রয়োজন।

নারী আসন ১০০ করার প্রস্তাব

সংরক্ষিত নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা চালুরও প্রস্তাব দিয়েছেন সাইফুল হক।

তিনি বলেন, বর্তমানে নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি ভোটের ব্যবস্থা নেই। সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ থেকে দ্রুত ১০০-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।

এ ক্ষেত্রে সংবিধানে ব্যবহৃত ‘পর্যায়ক্রমে’ শব্দটির পরিবর্তে আগামী পাঁচ বা সর্বোচ্চ ১০ বছরের মধ্যে আসনসংখ্যা ১০০-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার সময়সীমা নির্দিষ্ট করার প্রস্তাব দেন তিনি।

দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করার আহ্বান

জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে সাইফুল হক বলেন, অভ্যুত্থান, জুলাই সনদ ও সংস্কার নিয়ে ভুলভাবে প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অন্যায়ভাবে জুলাই সনদ ও সংস্কারবিরোধী হিসেবে চিত্রিত করার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিশেষ কমিটির প্রতিবেদন দ্রুত প্রস্তুত করা উচিত। এরপর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সংবিধান সংশোধনের বিল তৈরি করে সংসদে উত্থাপনের প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

বিরোধী দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আহ্বান

সংসদের বিরোধী দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সাইফুল হক।

তার মতে, বিরোধী দলকে আস্থায় নিয়ে আলোচনা চালিয়ে গেলে ঐকমত্যের ভিত্তিতে আগামী সংসদে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা সম্ভব হবে।

সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বন্ধ না করে ঐকমত্য তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চার অভিযোগ, যেসব অপরাধের রা

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে চার অভিযোগ, যেসব অপরাধের রা