রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণু। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় উঠে এসেছে এ চিত্র।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব ভারী ধাতু শরীরে প্রবেশ করলে দীর্ঘ মেয়াদে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১.১৬ থেকে ২.৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা ০.৩ পিপিএম। অর্থাৎ পরীক্ষায় পাওয়া সর্বোচ্চ মাত্রা গ্রহণযোগ্য সীমার প্রায় আট গুণ।
নমুনায় ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে ০.৩৩ পিপিএম। ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো জীবাণুর উপস্থিতিও শনাক্ত হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পৃথক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪.৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে।
রাজধানীর আশপাশের সবজির খেতগুলোতে কৃষকদের একাংশ নির্ধারিত নিয়ম না মেনে কীটনাশক ও বালাইনাশক ব্যবহার করছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পরই সবজি সংগ্রহ করে ঢাকার বাজারে পাঠানো হচ্ছে। এতে খাদ্যপণ্যে রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় দীর্ঘ চার দশক ধরে সবজি চাষ করছেন কৃষক আব্দুর রাজ্জাক। বুধবার প্রায় দুই বিঘা জমির চালকুমড়া ও শসার খেতে তাঁকে কীটনাশক ছিটাতে দেখা যায়। এ সময় তাঁর শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের খেতেও বাতাসে ছড়িয়ে পড়ছিল রাসায়নিক।
আব্দুর রাজ্জাক জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় তাঁর মাথাব্যথা হয়। তবে সাধারণত এক দিন পরই খেত থেকে সবজি তুলে বিক্রি করেন। বাজারে দাম ভালো থাকলে কখনো তার আগেও ফসল সংগ্রহ করেন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুই দফাও রাসায়নিক প্রয়োগ করতে হয়।
অথচ তাঁর ব্যবহৃত প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ না করার নির্দেশনা রয়েছে। কৃষকদের ভাষ্য, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ে। তাজা সবজির চাহিদা থাকায় বাজারদর অনুকূলে পেলেই তাঁরা ফসল বিক্রি করেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেখানে ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সসহ আগাম শীতকালীন সবজি উৎপাদন করছেন কৃষকেরা। কৃষক খালেদুলের দাবি, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক দিতে হয়। প্রয়োগের দু-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠানো হয়। কৃষকদের একটি অংশ সরাসরি ঢাকায় পণ্য সরবরাহ করেন।
উৎপাদন ব্যয় কমাতে কৃষকদের অনেকে কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহার করছেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, ভালো মানের পণ্যের তুলনায় কম দামের কিছু বালাইনাশক দ্রুত কাজ করে। এগুলো ক্ষতিকর—কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক কারণে কখনো ব্যবহার করতে হয়।
স্থানীয় এক বিক্রেতার ভাষ্য, নামসর্বস্ব প্রতিষ্ঠানের কম দামের পণ্য বিক্রি করে লাভ বেশি হয়। ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে প্রায় ২০ টাকা লাভ থাকে, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে মুনাফা হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদার কারণে এসব পণ্যের বিক্রি বন্ধ করা যাচ্ছে না বলে দাবি তাঁর।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে সেগুলোর ব্যবহার বেশি। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। নিরাপদ পণ্যে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের আগ্রহ বাড়বে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন শরীরে জমলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
২০২৪ সালে পরিচালিত আরেক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
সাম্প্রতিক এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহের বেগুন এবং জমির মাটিতেও সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে। গবেষকদের ধারণা, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি থেকে খাদ্যশস্যে এসব উপাদান প্রবেশের অন্যতম কারণ হতে পারে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাঁদের নেই। এ দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠপর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন কালের কণ্ঠকে বলেন, কীটনাশক ব্যবহারের পর ফসল সংগ্রহের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন জটিল রোগের ঝুঁকিতে পড়ছে।
গবেষকদের মতে, দূষণের ঝুঁকি কমাতে কোনো নির্দিষ্ট সবজি বর্জন করাই সমাধান নয়। বরং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে রাসায়নিক ও জীবাণুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

কালের দাবি ডেস্ক