প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক ও স্মরণীয় সময় কাটিয়েছেন। ডিএমসি ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই সফরকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শনে যান। এই হোস্টেলেই ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে আবাসিক ছাত্রী হিসেবে ছিলেন ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হোস্টেলের মূল ফটকের সামনে আগে থেকেই অপেক্ষা করছিলেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে কাছে পেয়ে তারা উচ্ছ্বাসে ভরে ওঠেন এবং করতালির মাধ্যমে স্বাগত জানান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দোয়া করি, আপনারা নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হোন।”
এ সময় পুরোনো স্মৃতিচারণ করে তিনি বলেন, “আগে যখন জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতাম, তখন তাকে সামনের সিটে আমার পাশে বসিয়ে নিয়ে আসতাম। আজও আসার সময় তাকে বলেছি সামনের সিটে বসতে। পাশে বসিয়েই আপনাদের কাছে নিয়ে এসেছি।” নিজের শিক্ষাজীবনের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, “আজ অনেক স্মৃতি মনে পড়ছে। এই ক্যাম্পাসে আমার জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় কেটেছে। আজ সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে।”
বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “মনের ভেতর রাগ-ক্ষোভ পুষে রাখলে চলবে না। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে।”
দেশের চিকিৎসা শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, “মেডিকেল কলেজকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা সম্পর্কে জানতে পারে। একদিন যেন এই মেডিকেল কলেজ নিয়ে আমরা গর্ব করতে পারি।”
সফরের শেষপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।

কালের দাবি ডেস্ক