ঢাকা | বঙ্গাব্দ

বিদায়ী অর্থবছরে রেকর্ড ১৯ হাজার ১৯৭ জনশক্তি রপ্তানি করেছে বোয়েসেল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বিদায়ী অর্থবছরে রেকর্ড ১৯ হাজার ১৯৭ জনশক্তি রপ্তানি করেছে বোয়েসেল ছবির ক্যাপশন: বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে রেকর্ড ১৯ হাজার ১৯৭ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।
ad728

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। গত অর্থবছরে সরকারি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে ১৯ হাজার ১৯৭ জন বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন, যা বোয়েসেলের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

বোয়েসেলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ১৬ হাজার ৬৬ জন কর্মী বিদেশে গিয়েছিলেন। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়েছে ৩ হাজার ১৩১ জন বা ১৯ দশমিক ৫ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী গেছেন জর্ডানে। দেশটিতে বোয়েসেলের মাধ্যমে কর্মসংস্থান পেয়েছেন ১৪ হাজার ৫৪৩ জন। এছাড়া ব্রুনাইয়ে ১ হাজার ৮১২, দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৪০৪, মালয়েশিয়ায় ১ হাজার ৭, রাশিয়ায় ৩৪২, ইরাকে ৬৪, জাপানে ১১, হংকংয়ে ৪, কুয়েতে ৫ এবং ফিজিতে ৫ জন কর্মী পাঠানো হয়েছে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় ৩৬টি দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

বর্তমানে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরাক, হংকং, কুয়েত, ব্রুনাই, রাশিয়া, ফিজি, জাপান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে বোয়েসেল। পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগও অব্যাহত রয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, আগের অর্থবছরের তুলনায় এবার বোয়েসেলের মাধ্যমে বিদেশে জনশক্তি প্রেরণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে বোয়েসেলের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেল সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জনশক্তি রপ্তানি করে। এই আস্থা ও বিশ্বাসের সম্পর্ক অব্যাহত থাকলে বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারবে।

সরকারের ১০ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মুহূর্তে বোয়েসেলের মাধ্যমে নির্দিষ্ট কতজন কর্মী বিদেশে যেতে পারবেন, তা বলা সম্ভব নয়। তবে অতীতের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মোট কর্মীর মাত্র প্রায় ১ দশমিক ৫ শতাংশ বোয়েসেলের মাধ্যমে গেছেন।

তিনি বলেন, স্বচ্ছ নীতিমালার মাধ্যমে বৈদেশিক শ্রমবাজারকে সিন্ডিকেটের প্রভাবমুক্ত করে স্বল্প খরচে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে হলে বোয়েসেলকে আরও কার্যকর করা প্রয়োজন। দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, বিদ্যমান শ্রমবাজারগুলোকে শক্তিশালী করার পাশাপাশি অতীতে বন্ধ হয়ে যাওয়া বাজারগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে। একই সঙ্গে সম্ভাবনাময় নতুন শ্রমবাজার চিহ্নিত করে কাজ করা হচ্ছে। বিদ্যমান, বন্ধ ও সম্ভাবনাময়—এই তিন শ্রেণিতে বাজারগুলোকে ভাগ করে সুযোগ বিশ্লেষণের মাধ্যমে পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা তৈরিতে।

বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী জানান, চলতি অর্থবছরে ৪০ হাজার জনশক্তি পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এ লক্ষ্য পূরণ হলে গত অর্থবছরের রেকর্ডের তুলনায় দ্বিগুণেরও বেশি জনশক্তি বিদেশে পাঠানোর নতুন রেকর্ড গড়তে পারে প্রতিষ্ঠানটি।

বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ জানান, গত জুলাই মাসে বোয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ১ হাজার ৪৩১ জন কর্মী পাঠানো হয়েছে।

তিনি বলেন, বিদ্যমান বাজারের বাইরে গিয়ে নতুন শ্রমবাজার সম্প্রসারণের চেষ্টা চলছে। বর্তমানে মঙ্গোলিয়ায় শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা চলছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী