জার্মান নৌবাহিনী আগামী কয়েক দিনের মধ্যে লোহিত সাগর অঞ্চল থেকে তাদের দুটি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নেবে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানান, মাইন অপসারণকারী জাহাজ 'ফুলদা' এবং রসদবাহী জাহাজ 'মোজেল' বর্তমানে জিবুতিতে অবস্থান করছে।
গত মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে সম্ভাব্য একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে জাহাজ দুটি ওই অঞ্চলে পাঠানো হয়েছিল।
তবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি' এবং হরমুজ প্রণালীতে নিকট ভবিষ্যতে অভিযান শুরুর সম্ভাবনা না থাকায় জাহাজ দুটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, দীর্ঘ সময় ধরে একই এলাকায় জাহাজগুলো মোতায়েন রাখলে সেগুলোর কারিগরি সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটি প্রস্তুত অবস্থায় রাখা হবে। ভবিষ্যতে হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যে কোনো অভিযান শুরুর নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া গেলে সেগুলো আবারও ওই অঞ্চলে পাঠানো হবে।

কালের দাবি ডেস্ক