ঢাকা | বঙ্গাব্দ

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার দাবি আইআরজিসির ছবির ক্যাপশন: বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার দাবিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতীকী ছবি: সংগৃহীত
ad728

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের দাবি, বাহরাইনের দিকে ছোড়া দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাহরাইনের দিকে আসা দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী ভূপাতিত করেছে। একই সঙ্গে একটি রাডার ব্যবস্থা ধ্বংসের বিষয়ে ইরানের দাবি মিথ্যা বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কতা সংকেত প্রদানকারী একটি রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কয়েক ঘণ্টা আগে সিরিতে একটি যোগাযোগ টাওয়ারের ওপর শত্রুপক্ষের আকাশপথে হামলার জবাবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বাহিনীটি। তাদের ভাষায়, এই হামলা ওয়াশিংটনের জন্য একটি গুরুতর সতর্কবার্তা।

তবে রাডার ধ্বংসের এ দাবি সরাসরি নাকচ করেছে সেন্টকম।


প্রতিবেদন অনুযায়ী, দুই মাসেরও বেশি সময়ের মধ্যে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার এটিই ইরানের প্রথম প্রচেষ্টা। সেপ্টেম্বরের শুরু থেকে তেহরান উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো থেকে মূলত বিরত ছিল। এর পরিবর্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর দিকে মনোযোগ দিয়েছিল দেশটি।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালির আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্য বিষয়ে মনোযোগ দিতে বলার এক দিন পরই বাহরাইনে হামলার এ ঘটনা ঘটল।


কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে তীব্র অর্থনৈতিক চাপের মুখে রয়েছে ইরান। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, বর্তমান অচলাবস্থা তারা মেনে নেবে না।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর সরকারকে ‘না যুদ্ধ, না শান্তি’—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার কথাও বলেছেন তিনি।

পেজেশকিয়ানের ভাষ্য, ইসলামী প্রজাতন্ত্র মর্যাদার সঙ্গে আলোচনা করতে পারে এবং মর্যাদার সঙ্গেই যুদ্ধের অবসান ঘটাতে পারে।


ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলার ঘটনা বেড়েছে। সামুদ্রিক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট শুক্রবার জানিয়েছে, অক্টোবর মাসে ৩৭টি জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। সংঘাত শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ। সামুদ্রিক গোয়েন্দা সংস্থাটির হিসাবে, নভেম্বরেও অন্তত ১৪টি হামলার ঘটনা নিশ্চিত হয়েছে।

তবে এসব হামলার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিও বৈশ্বিক তেলের চাহিদার তুলনায় দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, তেলের বাজারে ভারসাম্য ফেরার প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিশ্বব্যাপী তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাচ্ছে।

এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, সংঘাতে নতুন করে উত্তেজনা তৈরি হলে তাদের হামলার পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। এমনকি ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি

বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি