ঢাকা | বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্রের ঘটনার পর ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা আমিরাতের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
ক্ষেপণাস্ত্রের ঘটনার পর ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা আমিরাতের ছবির ক্যাপশন: সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা
ad728

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে আবুধাবির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে এসব কার্যক্রম বন্ধ থাকবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ভাষ্য, এই উত্তেজনা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’ ক্ষুণ্ণ করছে।


এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।

৪ মে ফুজাইরাহ বন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এটিই এ ধরনের প্রথম ঘটনা বলে জানিয়েছে দেশটি।

পরবর্তী এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তাদের মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্র দুটি ‘সামুদ্রিক জাহাজ চলাচল’কে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে দুটিই লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে পড়ে বলে জানানো হয়।

যেকোনো ধরনের হুমকি মোকাবিলা এবং রাষ্ট্রের নিরাপত্তাকে অস্থিতিশীল করার প্রচেষ্টা প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


এরপর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফরা আল হামেলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এমন আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত থাকবে।

একই সঙ্গে পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক সংহতির প্রতি সংযুক্ত আরব আমিরাতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


এদিকে বুধবার ভোররাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।

তিনি আমিরাতের ক্ষেপণাস্ত্রসংক্রান্ত বিবৃতিকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেন।


ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা সোমবার শেষ হয়েছে। তবে ওই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বা সংঘাত বন্ধের কোনো চুক্তি হয়নি।

এ পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার

জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার