ঢাকা | বঙ্গাব্দ

খাবার সংকট ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ইউএসএস আব্রাহাম লিংকন তদন্তের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
খাবার সংকট ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ইউএসএস আব্রাহাম লিংকন তদন্তের দাবি ছবির ক্যাপশন: দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। খাবার সংকট, পয়ঃনিষ্কাশন সমস্যা ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অভিযোগ উঠেছে জাহাজটি ঘিরে। ছবি: সংগৃহীত
ad728


মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকার পর জাহাজটিতে খাবারের সংকট, পানিদূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পর রণতরীটির বর্তমান পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে নৌবাহিনীর কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেন।

তিনি বলেন, বিমানবাহী রণতরীটি ২৫০ দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে এবং ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে ভেড়েনি। টানা এত দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় এটি একটি রেকর্ড বলেও উল্লেখ করা হয়েছে।

ব্লুমেনথাল বলেন, জাহাজটিতে প্রয়োজনীয় মৌলিক সামগ্রীর ব্যাপক ঘাটতি, পানিদূষণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য এবং ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পাওয়া গেছে।

এদিকে সিনেটর রুবেন গ্যালেগো ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি সরেজমিনে তদন্তে দলমতনির্বিশেষে সিনেটরদের নিয়ে একটি সরকারি তদারকি সফরের দাবি জানিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, জাহাজের কয়েকজন সদস্যের মধ্যে এতটাই মানসিক চাপ তৈরি হয়েছে যে তারা জাহাজ থেকে লাফ দেওয়ার হুমকি দিয়েছেন। গ্যালেগোর ভাষায়, এ ধরনের ঘটনা জাহাজটির পরিস্থিতি কতটা খারাপ হয়েছে, তার একটি ‘ভয়াবহ সতর্কসংকেত’।

তিনি আরও অভিযোগ করেন, জাহাজটিতে ছত্রাকযুক্ত গোসলখানা, অনিয়মিত গরম পানি, সীমিত খাবার ও সাবান সরবরাহ এবং নষ্ট শৌচাগারের মতো সমস্যা রয়েছে। একই সঙ্গে নাবিক ও মেরিন সদস্যদের কোনো ছুটি ছাড়াই প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এমএসএনও-এর এক প্রতিবেদনের বরাতে এএফপি জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনের পরিবার সম্প্রতি দুটি বৈঠকে নৌবাহিনীর নেতৃত্বের সঙ্গে কঠিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের প্রধান প্রশ্ন ছিল, জাহাজে থাকা স্বজনেরা কবে বাড়ি ফিরতে পারবেন।

কিছু সদস্য গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন। জাহাজে আত্মহানির চেষ্টার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করে। পরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা শুরুর আগে জাহাজটির গন্তব্য পরিবর্তন করে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা এই রণতরীর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন নৌবাহিনী।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দিল্ল

আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল দিল্ল