ঢাকা | বঙ্গাব্দ

মানব সহায়তা ছাড়াই সাইবার হামলা চালাল এআই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
মানব সহায়তা ছাড়াই সাইবার হামলা চালাল এআই ছবির ক্যাপশন: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবার নতুন এক মাইলফলক স্পর্শ
ad728

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবার নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো মানব সহায়তা বা সরাসরি তদারকি ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে একটি সাইবার হামলা পরিচালনা করেছে এআই-চালিত একটি সিস্টেম। নিরাপত্তা গবেষকদের দাবি, এটি সাইবার অপরাধের ধরনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যৎ সাইবার নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান সিসডিগ (Sysdig)-এর গবেষকরা এই ঘটনার তথ্য প্রকাশ করেছেন। তাদের মতে, ‘জেডপাফার’ (Z-Puffer) নামের একটি এআই এজেন্ট মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত একটি র‍্যানসমওয়্যার হামলা পরিচালনা করতে সক্ষম হয়েছে।

গবেষকদের তথ্যমতে, জেডপাফার প্রথমে দুর্বল নিরাপত্তাব্যবস্থার সার্ভারে প্রবেশ করে। এরপর স্বয়ংক্রিয়ভাবে লগইন তথ্য ও পাসওয়ার্ড শনাক্ত করে বিভিন্ন ক্লাউড অবকাঠামোয় প্রবেশের চেষ্টা চালায়। সফলভাবে প্রবেশের পর এটি মূল ডেটাবেইস এনক্রিপ্ট করে এবং তা পুনরুদ্ধারের বিনিময়ে বিটকয়েনে মুক্তিপণ দাবি করে।

সিসডিগের থ্রেট রিসার্চ বিভাগের পরিচালক মাইকেল ক্লার্ক বলেন, অতীতে সব ধরনের র‍্যানসমওয়্যার হামলার পেছনে কোনো না কোনোভাবে মানুষের সংশ্লিষ্টতা ছিল। তবে তাদের গবেষণায় প্রথমবারের মতো এমন একটি ঘটনার প্রমাণ পাওয়া গেছে, যেখানে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পুরো হামলার প্রক্রিয়া পরিচালনা করেছে।

গবেষণায় দেখা গেছে, ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম ‘ল্যাংফ্লো’-এর অ্যাক্সেস পাওয়ার পর জেডপাফার আলিবাবা, টেনসেন্ট ও হুয়াওয়ের মতো ক্লাউড সেবাদাতাদের অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এটি বাস্তব সময়েই পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের কৌশল পরিবর্তন করতে সক্ষম হয়েছে।

মাইকেল ক্লার্ক জানান, এক পর্যায়ে লগইন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মাত্র ৩১ সেকেন্ডের মধ্যে এআই নিজেই সমস্যার কারণ শনাক্ত করে সংশোধিত কৌশলে পুনরায় চেষ্টা চালিয়ে সফলভাবে প্রবেশাধিকার অর্জন করে।

গবেষকরা আরও জানিয়েছেন, ভুক্তভোগীরা মুক্তিপণ পরিশোধ করলেও তাদের তথ্য ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকত না। কারণ, এআই এজেন্টটি কোনো ব্যাকআপ সংরক্ষণ না করেই মূল ডেটা স্থায়ীভাবে মুছে ফেলেছিল।

যদিও গবেষণার ফলাফল এখনও পিয়ার-রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করেনি, তবুও এটি স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে, মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই জটিল সাইবার হামলা পরিচালনায় এআই প্রযুক্তি দ্রুত সক্ষম হয়ে উঠছে।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গোয়েন্দা জোট ‘ফাইভ আইস’ সতর্ক করে বলেছে, এআই-নির্ভর সাইবার সক্ষমতা আগামী কয়েক মাসের মধ্যেই সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাদের মতে, আধুনিক এআই প্রযুক্তি সাইবার আক্রমণ ও প্রতিরক্ষা—উভয় ক্ষেত্রের প্রচলিত ধারণাকেই বদলে দিতে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’তে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ মুখোমুখি