ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ছবির ক্যাপশন: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
ad728

স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ওপর নজরদারি করতে পারে—এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এ আহ্বান জানান।

ফলকার টুর্ক বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর নজরদারি করতে পারে—এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

জবাবদিহির ওপর গুরুত্ব

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিতের প্রয়োজনীয়তার কথা এর আগেও একাধিকবার বলেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর কার্যকর স্বাধীন নজরদারির জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করার ওপরও তিনি গুরুত্ব দিয়ে আসছেন।

জুলাই-আগস্টের ঘটনাকে ঘিরে জাতিসংঘের সুপারিশ

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি একটি তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ওই প্রতিবেদনে মোট ৪৪টি সুপারিশ দেওয়া হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের স্বাধীন নজরদারি, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বেসামরিক তদারকি ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব পায়।

জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়ানোর সুপারিশ

জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার চুক্তি বাস্তবায়ন তদারককারী ট্রিটি বডিগুলোর সুপারিশও ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। সেখানে সশস্ত্র বাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

একই সঙ্গে কমিশনের পর্যাপ্ত অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা এবং প্যারিস নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও যোগ্যতাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া চালুর সুপারিশ করা হয়।

নতুন আইন নিয়ে উদ্বেগ

এদিকে বাংলাদেশে সম্প্রতি প্রণীত গুমবিরোধী আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত আইন আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পুরোপুরি পূরণ করছে না বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আইন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, এসব আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বাধীনতা, তদন্তের ক্ষমতা এবং জবাবদিহির কাঠামো নিয়ে এখনো কিছু ঘাটতি রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে

ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে