কৃষক কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে এমন পরিস্থিতি থেকে কৃষকদের মুক্ত করতে কৃষি বাজার সংস্কার এবং ফড়িয়া-মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেও হিমশিম খাচ্ছেন কৃষকরা। অন্যদিকে, পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের বিভিন্ন স্থানে সারের সংকট তৈরি হচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে প্রকৃত উৎপাদক কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষি উৎপাদন কৃষকের কাছে ক্রমেই অলাভজনক হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে ফসল উৎপাদনে যে খরচ হয়, বিক্রি করে সেই অর্থও উঠে আসে না।
কৃষকদের এই সংকট থেকে উত্তরণে কৃষিপণ্যের লাভজনক ও ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষি বাজার সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সারের সংকটের বিষয়ে সাইফুল হক বলেন, দেশে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে কোথাও কোথাও সংকট দেখা দিচ্ছে। সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি বন্ধ এবং দ্রুত ও সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলালের সভাপতিত্বে সংগঠনটির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা সাইফুর রেজা মামুন, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু, শাহজাহান সিকদার, মাসুদুর রহমান প্রধান মাসুদ, সাবিনা ইয়াসমিন, মতিনউদ্দিন ও মোহাম্মদ স্বাধীন মিয়াসহ অন্যরা।
সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
সভায় বিপ্লবী কৃষক সংহতির জাতীয় সম্মেলন আয়োজনের লক্ষ্যে ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আনছার আলী দুলালকে আহ্বায়ক, সাইফুর রেজা মামুন ও মাহবুবুল করিম টিপুকে যুগ্ম আহ্বায়ক এবং মাসুদুর রহমান মাসুদকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।
সভায় কৃষি ও কৃষকের চলমান সংকট নিয়ে আলোচনা শেষে কৃষকদের অধিকার আদায়ে কয়েকটি আন্দোলন কর্মসূচিও নির্ধারণ করা হয়।
সভা শুরুর আগে ময়মনসিংহের প্রয়াত নেতা কমরেড মোহাম্মদ শাহজাহানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

কালের দাবি ডেস্ক